কুমিল্লামঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির থেকে স্বর্ণালংকারসহ ২ প্রতিমা চুরি

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১২, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের দুটি প্রতিমা চুরির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে চুরির খবর পেয়ে মন্দিরে যান পরিচালনা কমিটির সদস্যরা। খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত হন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সোমবার সকালে চুরির খবর পেয়ে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন।

মন্দির সংশ্লিষ্টরা জানান, রোববার রাতে মূল মন্দিরের পেছনের দিকের গ্রিলের একটি অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের মোট ছয়টি মূর্তি নিয়ে যায়। এ সময় প্রণামি বাক্সের টাকাও চুরি হয়। ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামির টাকা জমা ছিল।

সোমবার সকালে পূজারি মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং কত টাকা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, “সকালে পূজা দিতে এসে চুরির ঘটনা চোখে পড়ে। খবর পেয়ে পুলিশ আসে। রোববার রাত নয়টার পর থেকে সকালের মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।”

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার বলেন, “মন্দিরের পেছনের দিকের গ্রিল ভেঙে এ চুরির ঘটনা ঘটে। মেরামতকাজের জন্য ওই পাশের সিসিটিভি ক্যামেরা খোলা ছিল।

“এ সময় মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতলের দুটি মূর্তি নিয়ে গেছে।”

এ প্রসঙ্গে আখাউড়া থানার এসআই আলী রেজা মামুন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কিভাবে কি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।