মো: জহিরুল ইসলাম খান
কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে জ্যামিতি বক্সে ভরে পাচার করা হচ্ছিল ৩৬ হাজার পিস ইয়াবা। একই পিকআপের চালকের আসনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। এ ঘটনায় পিকআপসহ মো. জাকারিয়া ইদ্রীস নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার, ৯ অক্টোবর দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৩৩টি জ্যামিতি বক্স। এসব বক্সে রাখা ছিল ১৮০টি প্যাকেট, যাতে মোট ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবার ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।












