কুমিল্লাবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চবির ২৫ শিক্ষার্থী

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে জানা যায়, ২০১৯ সালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন—আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং এমবিবিএসের আফসানা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তারা হলেন—আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ শিক্ষার্থী। তারা হলেন—ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, তাঁদের পরিবার, বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যও বড় সম্মানের বিষয়। বিশেষ করে আরবি বিভাগের দুই শিক্ষার্থী এই স্বীকৃতির অংশ হওয়ায় তারা আনন্দিত।

তিনি আরও বলেন, তাঁদের এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও একাডেমিক উৎকর্ষের জন্য অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তাঁরা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। ২০০৫ সালে এ পদক চালু করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়।

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।