নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। অপরদিকে, মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় একজন নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছে। মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।












