কুমিল্লাবৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দুই ইউনিয়ন মিলে নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন একীভূত করে নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন করা হয়েছে।

নতুন ইউনিয়নে নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ড থাকবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে এ পুনর্গঠন কার্যকর হবে।

মঙ্গলবার কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন গলিয়ারা ইউনিয়নের আয়তন ২৯ দশমিক ৯৬ বর্গকিলোমিটার। এর মোট জনসংখ্যা ৩৪ হাজার ৪৬৫ জন।

নতুন ইউনিয়নের নয়টি সাধারণ ওয়ার্ডে বিভিন্ন মৌজা ও গ্রাম রাখা হয়েছে। এর মধ্যে কদমতলী, মনোহরপুর, মান্দারী, রামচন্দ্রপুর, সূর্যনগর, জঙ্গলপুর, জয়পুর, পাহাড়পুর, বাড়াইপুর, যশপুর, শুভপুর, রাজাপুর, কৃষ্ণপুর, মণিপুর, নোয়াপাড়া, কুলারামপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৪ ধারায় দেওয়া ক্ষমতাবলে দুই ইউনিয়ন একীভূত করে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, নতুন ইউনিয়নের সীমানা ও ওয়ার্ড কাঠামো অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে।