ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়ার রেমিট্যান্সযোদ্ধা শুভ দাসের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। মৃত্যুর প্রায় তিন মাস ২৫ দিন পর তার মরদেহ দেশে আনা হলো।
পরিবার সূত্রে জানা গেছে, তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। দরিদ্র পরিবারের বসতভিটার দুই শতক জমি বিক্রি করে প্রায় আড়াই বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি জমান তিনি। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে গেলেও শেষ পর্যন্ত মরদেহ হয়ে ফিরলেন শুভ। এতে শোক ও হতাশায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রোববার দুপুরে শুভর মরদেহ সমাধিস্থ করার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার তিনজন রেমিট্যান্সযোদ্ধা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হলেন আশাশুনির নাহিদুল, সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল এবং কলারোয়ার শুভ দাস।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক গতকাল রাতে দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবীমার আওতায় আরও ১০ লাখ টাকা অনুদান পাওয়ার কথা রয়েছে।












