মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে কুমিল্লা নগরীর বারপাড়া ও বারপাড়া কৃষ্ণপুর এলাকাবাসীর উদ্যোগে সমাবেশ ও মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তাপস চন্দ্র রায়।
সমাবেশে সভাপতিত্ব করেন বারপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি মো. হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, “আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে মাদক নির্মূল করা অনেক সহজ হয়ে যাবে। এলাকার সবাই একসঙ্গে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করুন। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।”
তিনি আরও বলেন, “কুমিল্লা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আপনারা যখনই সহযোগিতা চাইবেন, পুলিশ আপনাদের পাশে থাকবে। সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুললে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।”
তিনি বলেন, আজকের এই সমাবেশে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতিই প্রমাণ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠেছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আবদুল্লাহ হারুন, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি নেয়ামত হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএম জাহিদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা তোফায়েল আহমেদ, সমাজসেবক সেলিম আহমেদ, শাহজাহান সাজু, আবদুল ছালাম, জামাল উদ্দিন রাব্বানী, কামরুল হাসান কাজল, সজীব ওয়াজিদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মাদকবিরোধী জোটের আহ্বায়ক আব্দুস সামাদ।
সমাবেশ শেষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী স্লোগানে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক নির্মূলের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।












