কুমিল্লাশনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৯, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু আর মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বান্দরবানের জেলা সদর, লামা, আলীকদম, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

বৃষ্টির কারণে বান্দরবান চট্টগ্রাম ও কক্সবাজার সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে।

এদিকে অতিবৃষ্টিতে জেলার বিভিন্নস্থানে পাহাড়ধসে যান চলাচল ব্যাহত হচ্ছে, অনেকস্থানে সড়কে পানি জমে থাকায় দুর্ভোগ বেড়েছে আরও বেশি।

টানা বৃষ্টি আর অতিবর্ষণের ফলে জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বান্দরবানের সাংগু নদীর পানি ১৬ দশমিক ২২ মিটার ওপরে প্লাবিত হচ্ছে আর মাতামুহুরী নদীর পানি ১৩ দশমিক ৩৪ মিটার ওপরে প্লাবিত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  সনাতন মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) বান্দরবানে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত।

এদিকে অতিবৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলা সদরের নদীর তীরবর্তী ঘরবাড়ীসহ, আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলানগরসহ আশপাশের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে।অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ওঠছে।

এদিকে ভারী বর্ষণের ফলে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস, আকস্মিক বন্যার প্রেক্ষাপটে জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পাদনসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু-সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ১০ ও ১১ই জুলাই সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়া বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

দুর্যোগ মোকাবিলায় জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে বিভিন্ন এলাকার বাসিন্দারা আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের শুকনো খাবার, খিচুড়ি, বিশুদ্ধ পানির ট্যাবলেট দেওয়া হচ্ছে।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক জানান, টানা বৃষ্টিতে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে আর যারা আশ্রয়কেন্দ্রে আসছে তাদের পৌরসভার পক্ষ থেকে খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের সমতলে নেমে আসতে এবং আশ্রয়কেন্দ্রে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে।