দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল যোগে চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ফাহিমা আক্তার (২৮) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী নাজমুল ইসলাম গুরুতর আহত হন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মো. আব্দুল্লাহ (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রী ও শিশুসন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন নাজমুল ইসলাম। তারা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকার উদ্দেশে রওনা হন। পথে বীরগঞ্জের ভাবকী গ্রামের পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী মাছবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী ও শিশুসন্তান সড়কে ছিটকে পড়লে পিকআপটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নাজমুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করছি।












