কুমিল্লাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ৭ হাজার একর ভূমি ভস্মীভূত

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি-ডেড ও ব্রোওয়ার্ড কাউন্টিতে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৭ হাজার একরেরও বেশি ভূমি পুড়ে গেছে। ‘ম্যাক্স রোড ফায়ার’ নামে পরিচিত এই আগুন রোববার (১০ মে) থেকে জ্বলছে এবং দ্রুত বিস্তার লাভ করে বিস্তীর্ণ এলাকা ধোঁয়ায় ঢেকে দিয়েছে।

ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক দমকলকর্মী কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে। প্রায় ৬৫০টি বাড়ি রক্ষায় এলাকায় সুরক্ষাবেষ্টনী তৈরি করা হয়েছে এবং সতর্কতা জারি রয়েছে।

দাবানলটি মূলত ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমাংশ ও নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় সীমাবদ্ধ থাকলেও ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় দৃশ্যমানতা কমে গেছে। এতে সড়কে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, মাথাব্যথা ও চোখ-নাক জ্বালাপোড়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ও বুধবার সম্ভাব্য বৃষ্টিপাত আগুন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।