ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে লেমুয়া হাফেজিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের নুরুল আলম (৪৬) ও তার ছেলে নুর হাসনাত নিরব (২৫)। নুরুল আলম ফেনী ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এ ঘটনায় আফজাল হোসেন (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম ছেলে ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেলে করে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে লেমুয়া এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়। আহত আফজাল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপাল হাইওয়ে থানার পুলিশ জানায়, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












