দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের বিশ্লেষণে দেখা গেছে, উত্তরাঞ্চলের আকাশে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি রয়েছে। এর ফলে দিনের বিভিন্ন সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দুপুরের পর থেকে রাত এবং পরদিন সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে, ঢাকা বিভাগের কিছু এলাকায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে দিনের প্রথম ভাগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাতের দিকে কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।












