কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:দায়িত্ব নিয়েই কঠোর সিদ্ধান্ত, তামিলনাড়ুতে শতাধিক মদের দোকান বন্ধে নির্দেশ বিজয়ের

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। দুই সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে।

‘মদমুক্ত তামিলনাড়ু’ গড়ার লক্ষ্য সামনে রেখে নেওয়া এই পদক্ষেপকে তার সরকারের প্রথম বড় প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান থাকলেও জনস্বার্থ বিবেচনায় নির্দিষ্ট এলাকায় অবস্থিত দোকানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মিত্রদলগুলোর সমর্থনে সরকার গঠন করেন বিজয়। এরপরই সামাজিক অবক্ষয় রোধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেন তিনি।

মদ বিক্রি থেকে রাজ্যের বড় অঙ্কের রাজস্ব আয় হলেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে মদের দোকান ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত একদিকে যেমন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে মদের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অসাধু চক্রের ওপরও চাপ সৃষ্টি করবে।