কুমিল্লাবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন কারিকুলামের ওপর জোর প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে নতুন কারিকুলাম প্রণয়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্য সামনে রেখে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ দিতে ইনোভেশন গ্র্যান্ট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। মেধাপাচার রোধ করে দেশের মানবসম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে পূর্ণভাবে বিকশিত করতে পারবে। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।