কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা, ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় অবস্থিত দুটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের হামলাকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জানিয়েছে, চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনাগুলো ক্রমাগত লক্ষ্যবস্তু হচ্ছে।

গত ২ মার্চ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে, একই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর ১৮ সদস্য ও একজন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথাও জানিয়েছে ইসরায়েল।

পরিস্থিতি উত্তরণে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে যুদ্ধবিরতি কার্যকর রাখতে আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত মার্চে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত লেবাননে মোট নিহতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। চলতি সংঘাতের ফলে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।