কুমিল্লার হোমনায় ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের পেশাগত সম্মান, নিরাপত্তা ও ন্যায্য দাবির বাস্তবায়নের দাবিতে এক প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হওয়া র্যালিটি হোমনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সভায় প্রতিনিধিরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক ও মৌখিক হয়রানির শিকার হচ্ছেন তারা। এসব বন্ধের পাশাপাশি সম্মানজনক আচরণ নিশ্চিত, ন্যায্য বেতন, অযৌক্তিক চাপ বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
এছাড়া নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি বাধ্যতামূলক করার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
প্রতিবাদ সভায় স্থানীয় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পেশাজীবীদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
সভা শেষে নেতারা জানান, পেশাগত অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।














