সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু হলেও বয়স্কদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তা বাড়ছে।
রোববার (১০ মে) জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে, যা আগামী ২০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, সংক্রমণ রোধে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা জরুরি।
এছাড়া জ্বর, লালচে ফুসকুড়ি, সর্দি-কাশিসহ হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।












