পুলিশ বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখা এবং চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণের ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেছেন, কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার সমুন্নত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে এবং সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ‘রিঅ্যাক্টিভ’ নয়, ‘প্রোঅ্যাক্টিভ’ পুলিশিং জোরদারের নির্দেশ দেন।
ডিজিটাল যুগে সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিট পুলিশিং জোরদার করে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। পুলিশের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।












