কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোন আশঙ্কাজনক

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর দাগনভূঞা উপজেলায় পারিবারিক কলহের জেরে মায়ের ওপর ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছেন ৪২ বছর বয়সী লাকি বেগম, আর গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও মেয়ে।

রোববার রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক মোহাম্মদ রাফিক (২১) মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। ঘটনার সময় তিনি মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন লাকি বেগম।

পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে গেলে রাফিক তাদের ওপরও হামলা চালান। এতে তার বাবা মোহাম্মদ মোস্তফা ও বোন মিথিলা গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত রাফিককে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফিক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।