পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের পদক্ষেপ নিলে তার জবাব কঠোর ও সুদূরপ্রসারী হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
রোববার রাওয়ালপিন্ডির সেনা সদরদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ‘দুঃসাহসিক উদ্যোগ’ সীমিত প্রতিক্রিয়ায় থেমে থাকবে না; বরং তা হবে ব্যাপক, ঝুঁকিপূর্ণ ও বেদনাদায়ক।
গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে সে সময়ের পরিস্থিতির জবাব দিয়েছে। ওই সংঘাতকে তিনি ‘মারকা-ই-হক’ হিসেবে উল্লেখ করে এটিকে দুই রাষ্ট্রের পাশাপাশি দুটি মতাদর্শের সংঘর্ষ বলেও আখ্যা দেন।
সেনাপ্রধান অভিযোগ করেন, অতীতেও একাধিকবার ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তবে প্রতিবারই তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে দেশটি।
তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো বাহ্যিক চাপ বা শক্তির প্রদর্শনে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। অনুষ্ঠানে তিনি সংঘাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং সাধারণ নাগরিকদের ত্যাগের কথাও স্মরণ করেন।












