কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সম্পত্তির লোভে মা দিবসেই মাকে নির্মমভাবে হত্যা করল ছেলে

প্রতিবেদক
Cumilla Press
মে ১০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যে শিশুপুত্রকে তিনি জন্ম দিয়েছিলেন, সেই সন্তান একদিন লোভে অন্ধ হয়ে মা দিবসেই তাকে হত্যা করবে, এমনটা হয়ত তার জন্য কল্পনা করাও অসম্ভব ছিল। তবে রাজকিশোর গুপ্তের মাকে সেই নির্মম পরিণতিই বরণ করতে হয়েছে। ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলা এবারের মা দিবসে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।

রোববার (১০ মে) সকালে বান্দায় হঠাৎ গুলির শব্দ শোনা গেলে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। প্রথমে তারা ভেবেছিলেন, কোথাও গুলি চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যায়, স্থানীয় বাসিন্দা রাজকিশোর গুপ্ত পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে নিজের মা ও ছোট ভাইকে গুলি করেছেন।

তবে সম্পত্তিটি বিক্রি করেছিলেন তার বাবা, মা বা ছোট ভাই নন। পৈতৃক সম্পত্তি বিক্রির বিষয়ে নিজের মতামত উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ও রাগে ফেটে পড়েন গুপ্ত। এরপর তিনি বাড়িতে গিয়ে মা ও ছোট ভাইয়ের মুখোমুখি দাঁড়ান।

এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হঠাৎ একটি পিস্তল বের করে মা ও ছোট ভাইকে গুলি করেন রাজকিশোর। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পলাশ বানসাল জানান, রাজকিশোর গুপ্ত নামের এক ব্যক্তি তার মা ও ভাইকে গুলি করেছেন বলে খবর পেয়েছেন তারা। এরপরই একটি পুলিশ টিম ঘটনাস্থলে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘ফরেনসিক দল ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা এবং আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের বাবা তাদের পৈতৃক জমি বিক্রি করেছিলেন, যার বিরোধিতা করেছিলেন অভিযুক্ত। এই বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা ও ভাইকে হত্যার পর রাজকিশোর গুপ্ত পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য চারটি টিম কাজ করছে।