কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করে ব্যবসায়ী সমিতির ভোট!

প্রতিবেদক
Cumilla Press
মে ৯, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের রাতে হঠাৎ অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত পরীক্ষা স্থগিত করা হয়। আজ শনিবার (৯ মে) সকালে কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক স্কুলে গিয়ে পরীক্ষা বন্ধের খবর জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন এবং ফিরে যেতে বাধ্য হন।

ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, আজ সকাল ১০টা থেকে চার শতাধিক শিক্ষার্থীর গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, একই ক্যাম্পাসে হাই স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য ভেনু ব্যবহারের অনুমতি দিয়েছিল। স্থগিত হওয়া পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নিতে সরকারি নির্দেশনায় আজ জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩৩টিতেই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেবল এই একটি বিদ্যালয়ে নির্বাচনের কারণে পরীক্ষা বন্ধ রাখায় অভিভাবক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।