ইরানের সামরিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে চীন ও হংকংয়ের নয়টি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ ও পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ঘোষণা দেয়।
মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতাভুক্তরা ইরানের সামরিক বাহিনীর অস্ত্র সংগ্রহ এবং শাহেদ সিরিজের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল সংগ্রহে ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর সামনে রয়েছে, যা কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতে তারা অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে। একই সঙ্গে ইরানের সঙ্গে অবৈধ বাণিজ্যে জড়িত বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা এখনও সীমিত পরিসরে থাকায় ইরান বিকল্প সরবরাহ ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যেতে পারছে। তবে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












