সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি ঘেরের পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বরে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা মোহর আলী সরদারের ছেলে। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।












