দেশে হামের প্রকোপ অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে প্রায় দেড় হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
অধিদপ্তর জানায়, সর্বশেষ সময়ে নিশ্চিতভাবে হামে একজন শিশুর মৃত্যু হয়েছে, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয়জন। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২১২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।














