নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ১৩ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে দেওভোগ নূর মসজিদ এলাকার দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এর আগে দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের ওপর হামলা ও তিন সদস্য আহত হওয়ার ঘটনার পর থেকেই জোরদার করা হয় অভিযান।
বুধবার (৬ মে) সকালে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন জানান, অভিযানে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি, ৭টি চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রোন, চারটি সিসি ক্যামেরা এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা। আটক ব্যক্তিরা মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ওপর হামলার ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।












