দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ পুরো কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এই ১৯ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি ২০০৯ সালে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মাণ শুরু হয়। তবে ২০২৪ সালে শেয়ার সংক্রান্ত জটিলতা ও আইনি বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর স্থবির থাকার পর পুনরায় নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে প্রায় ৮০ শতাংশ এবং তৃতীয় ধাপে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ অগ্রগতি হয়েছে। বর্তমানে চালু অংশে যান চলাচল আরও গতিশীল করতে চালু করা হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা।
সেতু বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পটি শেষ করার চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
পুরো প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেকাংশে কমবে এবং সময় ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।












