কুমিল্লাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বন্য হাতির হামলায় কৃষকের মৃত্যু, সীমান্ত এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
Cumilla Press
মে ৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা (২১) স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে নেমে আসা একটি হাতির দল কয়েকদিন ধরে আশপাশে অবস্থান করছিল। ফসল রক্ষায় গ্রামবাসীরা টর্চলাইট ও মশাল নিয়ে পাহারা দিলে হাতির দল সাময়িকভাবে সরে যায়। তবে রাতে বাড়ি ফেরার পথে কৃষকদের ওপর হামলা চালায় হাতির দল।

এ সময় একটি হাতি প্রান্ত রাংসাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক বছরে দুর্গাপুর ও কলমাকান্দা এলাকায় হাতির আক্রমণে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।