দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় আজ বুধবার (৬ মে) সন্ধ্যার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় দেশের বিভিন্ন অঞ্চলে অগ্রসর হচ্ছে। সকাল থেকেই রংপুর বিভাগের কিছু এলাকায় এর প্রভাব শুরু হয়েছে এবং দুপুরের পর এটি রাজশাহী অঞ্চল অতিক্রম করে ধীরে ধীরে মধ্য ও পূর্বাঞ্চলের দিকে বিস্তার লাভ করতে পারে।
তিনি আরও জানান, দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিকেল নাগাদ ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলেও ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে।
আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।












