সতীর্থকে মারধরের অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়লেও মাঠের পারফরম্যান্সে ছাপ রাখতে থামছেন না ব্রাজিল তারকা নেইমার। কোপা সুদামেরিকানায় রেকোলেতার বিপক্ষে তার করা গোলেও শেষ পর্যন্ত জয় পায়নি সান্তোস; ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বুধবারের এই ম্যাচে প্রথমার্ধের ৪১ মিনিটে রোলহেইসারের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তবে শেষ রক্ষা হয়নি—৮৬ মিনিটে ফার্নান্দো গালেয়ানোর গোলে সমতায় ফেরে স্বাগতিক রেকোলেতা।
ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস। ৬৯ শতাংশ পজেশন নিয়ে ১৬টি শট নেয় তারা, যদিও লক্ষ্যে রাখতে পারে মাত্র চারটি। বিপরীতে রেকোলেতা কম সুযোগ পেয়েও কার্যকর ছিল।
চার ম্যাচ শেষে এখনো জয় পায়নি সান্তোস। তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে দলটি। আগের দেখাতেও এই দুই দলের ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল, সেবারও গোল করেছিলেন নেইমার।
ম্যাচে গোলের পর ডাগআউটে থাকা রবিনিয়ো জুনিয়রকে জড়িয়ে ধরেন নেইমার, যা সাম্প্রতিক বিতর্ক প্রশমনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল, আর মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ৫ গোল ও ৩ অ্যাসিস্ট।
তবে গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি থাকায় পরের রাউন্ডে ওঠার আশা পুরোপুরি শেষ হয়নি সান্তোসের।












