টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির অভিযোগ উঠলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি এবং ফলাফল ‘লুট’ করা হয়েছে।
বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি নির্বাচনে পরাজিত হননি, তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। এমনকি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ারও কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
মমতা অভিযোগ করেন, প্রায় ১০০টি আসনের ফল ‘চুরি’ করা হয়েছে এবং এতে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে এবং এটি গণতন্ত্রের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন, কোনো রাজনৈতিক দল নয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি দাবি করেন, একই কৌশলে দেশের অন্যান্য রাজ্যেও নির্বাচন প্রভাবিত করা হয়েছে।
এছাড়া ভোটগ্রহণ চলাকালে নিজের ওপর হামলার অভিযোগও করেন মমতা। তিনি জানান, একটি কেন্দ্রে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং সিসিটিভি বন্ধ রেখে তাকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
সাম্প্রতিক এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচন নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে।












