কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় পালাল দুই যুবক

প্রতিবেদক
Cumilla Press
মে ৫, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরে নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে গেছেন দুই যুবক। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে চীনা যুবকের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে ওই চীনা যুবক বিয়ের উদ্দেশ্যে আরও একজনকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলে আসে।

গ্রামবাসীরা জানান, রোববার বিকেলে ওই দুই যুবক নিজেদের চীনা নাগরিক দাবি করে ওই নারীর সঙ্গে বিয়ে করতে আসে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি বলে দাবি করে। তবে কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে সুযোগ বুঝে একটি প্রাইভেটকারে করে তারা এলাকা ত্যাগ করে। এরপর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী জানান, তাদের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদ করলে নানা কাগজপত্র দেখায়। পরে কৌশলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি, তবে বিষয়টি আমি শুনেছি।

তিনি আরও বলেন, অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হন।