কুমিল্লামঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাফিনিয়ার জন্য ১৩০০ কোটি টাকার প্রস্তাব পায়ে ঠেলবে কি বার্সেলোনা?

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বার্সেলোনাকে শিগগিরই একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক সংকটে থাকা কাতালান জায়ান্টদের সামনে বড় অঙ্কের অর্থ আয়ের সম্ভাবনা জেগেছে, কিন্তু এর জন্য তাদের ছাড়তে হবে দলের সেরা দুই তারকার একজনকে। গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগ থেকে রাফিনিয়ার জন্য প্রায় ৯০ মিলিয়ন ইউরোর (১২,৯৩ কোটি টাকা) প্রস্তাব আসতে পারে বলে জানা গেছে। অঙ্কটা আকর্ষণীয় হলেও ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান মনোযোগ স্পেনেই থাকা। তবে ক্লাবকে আবার ক্রীড়াগত লক্ষ্য ও আর্থিক চাপ দুই দিকই সামলাতে হবে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইটটি জানিয়েছে, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব নাকি রাফিনিয়ার জন্য ৯০ মিলিয়ন ইউরোরও বেশি প্রস্তাব দিয়ে বার্সেলোনার অবস্থান যাচাই করতে প্রস্তুত। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত চুক্তিতেও ব্রাজিলিয়ান তারকার জন্য এমন বেতনের প্রস্তাব থাকতে পারে, কাতালোনিয়ায় তিনি বর্তমানে যা পান তার চেয়ে অনেক বেশি হতে পারে। তবু এই গুঞ্জনের মধ্যেও ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখন ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই। বিশেষ করে, ২০২৫ সালের মে মাসে বার্সেলোনার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করার পর।


গত দুই মৌসুম ধরে রাফিনিয়া বার্সার আক্রমণভাগের সবচেয়ে কার্যকর খেলোয়াড়দের একজন। চলতি মৌসুমে ৩১ ম্যাচে তিনি ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলার সামর্থ্যও দেখিয়েছেন। তবে ইনজুরির কারণে তার মৌসুমে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে; ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে তাকে ২৩টি ম্যাচ মিস করতে হয়েছে।


এই কারণেই বার্সেলোনার শীর্ষ কর্তারা এখন এক ধরনের দ্বিধায় আছেন। একদিকে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ধরে রাখা, অন্যদিকে দীর্ঘদিনের আর্থিক সীমাবদ্ধতা সামাল দেওয়া। ক্লাবের অবস্থান হলো অফিসিয়াল প্রস্তাব হাতে না পাওয়া পর্যন্ত তারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। আনুষ্ঠানিক প্রস্তাব এলে তখন ভালো-মন্দ সব দিক বিচার করা হবে।


বার্সা মূলত রাফিনিয়াকে বিক্রি করতে চায় না। কিন্তু গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের নতুন সাইনিংয়ের আর্থিক ভারসাম্য রাখতে গিয়ে সেই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেও না। কোচ হ্যান্সি ফ্লিক বারবারই স্কোয়াডে এই ব্রাজিলিয়ানের গুরুত্বের কথা বলেছেন। লিডস ইউনাইটেড থেকে আসা এই উইঙ্গার এখন ফ্লিকের কৌশলে গুরুত্বপূর্ণ অংশ, পাশাপাশি ড্রেসিংরুমেও সম্মানিত অন্যতম নেতা।


ফ্লিক বলেছিলেন, ‘রাফা (রাফিনিয়া) এমন একজন খেলোয়াড়, যে মাঠে এবং অনুশীলনে সব সময় শতভাগ দেয়। তার মানসিকতা সব সময় একই; সে নিজের সবটুকু উজাড় করে দেয়। এই মৌসুমে সে কিছুটা ভুগেছে, কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সে ফিরে এসেছে।’ লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে জয়ের আগে তিনি এই মন্তব্য করেছিলেন।


শেষ খবর হচ্ছে, বার্সেলোনা এখন সৌদি প্রো লিগ থেকে আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবের অপেক্ষায় আছে। এই মুহূর্তে রাফিনিয়া অগ্রাধিকারভিত্তিক বিক্রির তালিকায় নেই। তবে ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলে সেটি বড় ধরনের লাভ হবে, কারণ ২০২২ সালে তাকে আনতে কাতালান ক্লাবটিকে ৫৮ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল।


গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে, বার্সার সামনে প্রশ্নটা তত স্পষ্ট হচ্ছে; ক্রীড়াগত গুরুত্ব, নাকি আর্থিক প্রয়োজন কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে?