ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
পশ্চিম বর্ধমানের জামুরিয়া-চুরুলিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ সময় কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া কোতুলপুর বিধানসভার খিরি গ্রামে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগও উঠেছে।
সোমবার (৪ মে) গণনা ঘিরে এসব ঘটনার পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিকভাবে অস্থির হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












