সংবাদ:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে চিঠি দিয়ে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান চালু রাখার অনুমতি চাওয়া হয়েছে।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা মেনে বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। তবে এর ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন এবং বেচাকেনা প্রায় স্থবির হয়ে গেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত এপ্রিল মাসে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আয়োজিত বৈঠকে প্রথমে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীদের অনুরোধে সময় বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়, যা ব্যবসায়ীরা মেনে চলছেন।
সমিতির দাবি, বর্তমানে বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় ঈদকে সামনে রেখে দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।
একই সঙ্গে চিঠিতে বিভিন্ন জেলায় চলমান অপরিকল্পিত বাণিজ্য মেলার কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথাও তুলে ধরা হয়েছে। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ব্যবসায়ী নেতারা জানান, ঈদের সময় বেচাকেনা তুলনামূলক ভালো হয়। তাই ক্রেতা–বিক্রেতাদের সুবিধা বিবেচনায় সময় বাড়ানোর অনুমতি দেওয়া জরুরি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদের পর টানা সাত দিন মার্কেট ও বিপণি বিতান বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করবেন।












