সংবাদ:
হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের যেকোনো উদ্যোগকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে ইরান—এমন কঠোর অবস্থান জানিয়েছে দেশটির শীর্ষ এক আইনপ্রণেতা।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, প্রণালীতে নতুন কোনো সামুদ্রিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা গ্রহণযোগ্য নয়। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যেতে পারে না।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরই তেহরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেবে, যা তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে উল্লেখ করেন।
তিনি একে মানবিক সহায়তা হিসেবে তুলে ধরে বলেন, এ পদক্ষেপের মাধ্যমে নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচল নিশ্চিত করা হবে। তবে ইরান এ ধরনের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে তারা ‘প্রজেক্ট ফ্রিডম’-এ সহায়তা শুরু করবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।












