কুমিল্লাশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৯, হাসপাতালে আহতদের পাশে চার শিশু

প্রতিবেদক
Cumilla Press
মে ৪, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন নির্মাণশ্রমিক। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন বদরুল আমিন (৩৪), যিনি স্ত্রী হাফিজা বেগমকে সঙ্গে নিয়ে কাজে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হাফিজা বেগম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চার শিশু সন্তান মায়ের শয্যার পাশে থাকলেও তারা এখনও জানে না, তাদের বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরে কাঁঠাল বোঝাই একটি ট্রাক পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এতে থাকা ১৪ জন শ্রমিক ছিটকে পড়েন। ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।

নিহতদের বেশিরভাগই সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের বাসিন্দা। তারা সবাই নির্মাণকাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

জানা গেছে, বদরুল আমিন আগে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পরে পরিবার নিয়ে সিলেট নগরে এসে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। জীবিকার তাগিদেই স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি।

দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।