কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বশির হত্যার বিচার দাবিতে চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে বশির হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে চট্টগ্রামমুখী লেনে প্রায় আধাঘণ্টা অবস্থান নিয়ে সড়ক বন্ধ রাখেন তারা।

বিক্ষোভকারীরা জানান, মাদকবিরোধী অবস্থানের জেরে সংঘর্ষে আহত হয়ে বশিরের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তারা সড়ক অবরোধ করেন।

এ সময় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে হায়দার মার্কেট এলাকায় গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যার ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এবং ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে উপজেলার বৈদ্দ্যেরখিল এলাকায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এতে গুরুতর আহত বশিরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পক্ষের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।