হরমুজ প্রণালী অবরোধকারী মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন আইআরজিসি-র সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। গুরুত্বপূর্ণ এই নৌপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও দেশটির সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করারও হুমকি দেন তিনি।
রোববার (৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ।
সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’
গত মাসে একটি এফ-১৫ই বিমান ভূপাতিত করার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন,
আপনাদের (যুক্তরাষ্ট্রের) বিমানবাহী রণতরী ও বাহিনীর কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন, ঠিক যেমনভাবে ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল।
এর আগে, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর অবরোধের মধ্যে একটি জাহাজ জব্দ করার অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘আমরা এর ওপরে অবতরণ করি এবং জাহাজটি দখল করে নিই। আমরা পণ্যসামগ্রী দখল করি, তেল দখল করি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’
তিনি আরও বলেন, ‘আমরা জলদস্যুদের মতো। আমরা আসলেই অনেকটা জলদস্যুদের মতোই। কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।’












