কুমিল্লারবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌ অবরোধ ও যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিন সময় দিলো ইরান

প্রতিবেদক
Cumilla Press
মে ৩, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালী পুনরায় চালু করা, মার্কিন নৌ অবরোধের অবসান এবং ইরান ও লেবাননের যুদ্ধ পুরোপুরি শেষ করতে একটি চুক্তির জন্য আলোচনার সময়সীমা এক মাস নির্ধারণ করেছে ইরান। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের শনিবারের (২ মে) এক প্রতিবেদন অনুসারে এসব জানা গেছে।

তেহরান বৃহস্পতিবার ওয়াশিংটনের কাছে একটি কাঠামো চুক্তির জন্য ১৪ দফা সংশোধিত প্রস্তাব জমা দেয়। এই নথি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, এতে সামুদ্রিক প্রবেশাধিকার, মার্কিন নৌ অবরোধের অবসান এবং উভয় ফ্রন্টে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য একটি কঠোর এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নতুন হামলার নির্দেশ দিতে পারেন কিনা, শনিবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি তারা কোনো অসদাচরণ করে, যদি তারা খারাপ কিছু করে — এই মুহূর্তে, সেটা আমরা দেখব। এমনটা ঘটার আশঙ্কা অবশ্যই আছে।’

সূত্রমতে, প্রস্তাবটিতে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পরেই দ্বিতীয় পর্বের কথা ভাবা হয়েছে, যা পারমাণবিক কর্মসূচির ওপর কেন্দ্র করে আরও এক মাসব্যাপী সময় নিয়ে হবে।

যদিও ট্রাম্প শুক্রবার বলেছিলেন, তিনি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট, শনিবার পাম বিচ থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন যে, উড়োজাহাজে থাকাকালীন তিনি বিষয়টি পর্যালোচনা করবেন।



তিনি বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখছি। পরে আপনাদের জানাব।’

এদিকে, প্রতিবেদন বলছে, এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ আরও কঠোর সুরে কথা বলেন। তিনি বলেন, ‘এটি যে গ্রহণযোগ্য হবে, তা আমি কল্পনাও করতে পারছি না এবং জোর দিয়ে বলেন যে, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি যা করেছে, তার জন্য ইরান এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’
গণমাধ্যমের কাছে দেয়া একই মন্তব্যে, ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধকে একটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং বিতর্কহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।