লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এতে চলমান সংঘাতে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (২ মে) নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে একাধিক হামলা চালানো হয়। এসব হামলায় বসতবাড়ি ও চলন্ত যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যেখানে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরাইলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে।
মার্চের শুরু থেকে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।












