নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই আল আমিন (৩০) নিহত হয়েছেন। শনিবার সকালে একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ও অভিযুক্ত দুজনই রায়পুরা উপজেলার বাসিন্দা এবং শহরে ভাড়া বাসায় থেকে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক একটি বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
স্বজনদের দাবি, সম্প্রতি একটি বিষয় নিয়ে আপস হলেও তা মেনে নিতে পারেননি ছোট ভাই হাসান। এর জেরে সকালে বাজারে যাওয়ার পথে আল আমিনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হাসানসহ আরও একজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ














