ভারতের মধ্যপ্রদেশ-এর নর্মদা নদী-তে বারগি বাঁধের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক দৃশ্য সামনে এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উদ্ধারকারীরা এক মা ও তার চার বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করেন, যেখানে দেখা যায়—শেষ মুহূর্তে মা সন্তানকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন।
দিল্লি থেকে ঘুরতে আসা একটি পর্যটক পরিবারের অংশ ছিলেন তারা। দুর্ঘটনায় পরিবারের বাবা ও এক মেয়ে প্রাণে বেঁচে গেলেও মা ও ছেলেকে আর বাঁচানো যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ঘটনা সম্পর্কে বেঁচে ফেরা হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রচণ্ড ঝড় শুরু হলে নৌকাটি ভারসাম্য হারায় এবং মুহূর্তের মধ্যেই পানি ঢুকতে থাকে। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী, শাশুড়ি ও নাতি নিখোঁজ হয়ে যান। নিজে প্রায় দুই ঘণ্টা পানির নিচে আটকে থাকার পর উদ্ধারকারীরা তাকে জীবিত উদ্ধার করে।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো পাঁচ শিশুসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।
নৌকার ক্যাপ্টেন মহেশ প্যাটেল লাইফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে ফিরেছেন। বর্তমানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও খারাপ আবহাওয়ার কারণে কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।












