প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে দাম বাড়লেও বাজারে সরবরাহ সংকট পুরোপুরি কাটেনি।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক দোকানে এখনো তেলের সরবরাহ সীমিত। কোথাও কোথাও বোতলে পুরোনো ১৯৫ টাকা লেখা থাকলেও নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে কিছুটা বিভ্রান্তিও দেখা যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ডিলার পর্যায়ে আগেই দাম বেড়ে যাওয়ায় তারা বেশি দামে তেল কিনেছেন। ফলে নতুন সরকারি দাম অনুযায়ীই বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে সুপারশপগুলোতে এখনো পুরোনো দামে কিছু তেল বিক্রি হতে দেখা গেছে, যদিও সেখানে সরবরাহ সীমিত।
ব্যবসায়ীদের আশা, নতুন দাম কার্যকর হওয়ার পর কয়েক দিনের মধ্যে বাজারে সরবরাহ স্বাভাবিক হতে পারে।












