দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও চারদিন দেশের সব বিভাগেই ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। ফলে আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
ভারি বর্ষণের ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে বুধবার বিকেল দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬১-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় হতে পারে।
এছাড়া বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ১১ জেলার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অন্যদিকে দেশের অন্য জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থঅয় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।


.












