কোরিয়া যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ইরান সংঘাত—গত সাত দশকেরও বেশি সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি; এর বড় মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষ, সেনাসদস্য এবং অর্থনীতিকে।
আফগানিস্তানে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন সেনা জেফেরি ক্যাম্প যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যুদ্ধ কেবল সামরিক বাস্তবতা নয়, এটি গভীর মানবিক সংকটও তৈরি করে। আফগানিস্তানের প্রতিকূল পরিবেশ, ধুলাবালি, চরম আবহাওয়া ও অবিরাম ঝুঁকির মধ্যে কাজ করার অভিজ্ঞতা তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত চলা আফগান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। এ যুদ্ধে ২ হাজার ৪৬১ মার্কিন সেনা নিহত ও অন্তত ২০ হাজার আহত হন। পাশাপাশি ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন সংঘাতে লাখো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে সরাসরি প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গবেষকরা বলছেন, যুদ্ধের আর্থিক ব্যয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক সংকটের বোঝাও বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।
সাম্প্রতিক ইরান সংঘাত নিয়েও বাড়ছে উদ্বেগ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধে ইতোমধ্যে হাজারো প্রাণহানির খবর পাওয়া গেছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ১১ বিলিয়ন ডলারের বেশি। পরবর্তী সময়ে প্রতিদিন গড়ে শত শত মিলিয়ন ডলার ব্যয় অব্যাহত রয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি ব্যবহারের কারণে এই যুদ্ধ সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতগুলোর একটি হয়ে উঠতে পারে। তুলনামূলকভাবে, দুই দশকের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছিল প্রায় ২.৩ ট্রিলিয়ন ডলার।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। জ্বালানির দাম বৃদ্ধি, স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ নাগরিকরা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইরানে মার্কিন সামরিক অভিযানের বিরোধিতা করছেন দেশটির অধিকাংশ নাগরিক।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব বহু বছর ধরে সমাজ, অর্থনীতি ও মানুষের ব্যক্তিগত জীবনে বহন করতে হয়।












