কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগে গতি আনতে ঋণের সুদ কমানোর ইঙ্গিত সরকারের

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও শিল্পখাতের প্রবৃদ্ধি ধরে রাখতে ঋণের সুদের হার কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ব্যবসার খরচ কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘বিটিকেজি এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে নতুন ব্যবসা শুরু করতে অতিরিক্ত ছাড়পত্র ও দীর্ঘসূত্রতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এ কারণে দ্রুত লাইসেন্স ও প্রাথমিক অনুমোদন দেওয়ার একটি সহজ প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, উচ্চ সুদের হার ও জ্বালানি সংকট এখন শিল্প ও ব্যবসার বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে ঋণের সুদের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

জ্বালানি ঘাটতি মোকাবিলায় এলএনজি আমদানি বৃদ্ধি ও নতুন টেন্ডারের মাধ্যমে সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ আনার লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ প্রকল্পে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, করদাতার সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। এছাড়া ব্যবসায়ীদের বন্ড নবায়নসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।