কুমিল্লাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালবৈশাখীর আঘাতে কুমিল্লায় বিদ্যুৎ ও কৃষিতে বড় ক্ষতি, দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েক দফা কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে কুমিল্লাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভোগ। জেলার ১৭টি উপজেলায় বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিতে অন্তত ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। একই সঙ্গে কৃষিক্ষেত্রেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে, ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ৩৫টি ট্রান্সফরমার বিকল, ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া এবং প্রায় ৫৫০টি গ্রাহক মিটার নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিস্থিতি বেশি খারাপ হয়েছে।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েন। জেলার কয়েকটি কেন্দ্রে চার্জার লাইট ও মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়। কোথাও কোথাও পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতিতে পরীক্ষা দিতে হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মীরা মাঠে কাজ করছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ঝড় ও ভারী বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে প্রায় ১ হাজার ৭৩৩ হেক্টর ধানক্ষেত। পাশাপাশি ভুট্টা, আউশের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।