পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার অঞ্চলের কয়েকটি কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, পরাজয়ের আশঙ্কা থেকেই এমন অভিযোগ করছে বিজেপি।
বুধবার ভোটগ্রহণ চলাকালে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ফলতা এলাকার একাধিক কেন্দ্রে ইভিএমে এমনভাবে টেপ লাগানো হয়েছে যাতে ভোটাররা পদ্ম প্রতীকে ভোট দিতে না পারেন। দলটির মিডিয়া ইনচার্জ অমিত মালভিয়া সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
ভিডিওতে একটি ভোটকেন্দ্রে ইভিএমের নির্দিষ্ট বোতামের পাশে টেপ লাগানো দেখা যায় বলে দাবি করেন তিনি। বিজেপির অভিযোগ, এ ধরনের ঘটনা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচনে পিছিয়ে পড়ার আশঙ্কায় বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগ থাকলে সামাজিক মাধ্যমে প্রচার না করে নির্বাচন কমিশনের কাছে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ভোটের শুরু থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, ভোটারদের প্রভাবিত করতে বাইরে থেকে পর্যবেক্ষক আনা হয়েছে।













