কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকাসক্ত অবস্থায় ৩ বছরের সন্তানকে শ্বাসরোধে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বাড্ডা এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শাহিনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রিকশাচালক শাহিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় শিশুটির মা বাসার বাইরে ছিলেন। ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে আশপাশের লোকজন জড়ো হলে শাহিন দরজা খুলে জানান, তার ছেলে মারা গেছে।

ঘরে প্রবেশ করে শিশুটিকে বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শাহিনকে হেফাজতে নেয়।

বাড্ডা থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। পরিবার ও স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহ চলছিল।

ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।